দুর্গাপুর: গ্রামীণ উন্নয়নের পথে আরও এক বড় পদক্ষেপ। কর্মসংস্থান বৃদ্ধি, বেশি মজুরি এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হল ভিবি জি রামজি প্রকল্প। ১০০ দিনের কাজের পরিবর্তে এবার ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ, সঙ্গে বেড়েছে শ্রমিকদের মজুরি। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামোকে আরও আধুনিক ও উন্নত করে তোলার পাশাপাশি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের দিকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝোড় এলাকায় এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

 অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরপর দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, ভিবি জি রামজি প্রকল্পের জেলা আধিকারিক অতনু মণ্ডল, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, "এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রাম সেজে উঠবে। বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখেই এই কাজ চলছে। ধাপে ধাপে জেলার প্রতিটি এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।"l