দুর্গাপুর: সাইবার প্রতারণার নতুন ফাঁদে পড়লো দুর্গাপুরের এক বাসিন্দা। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেননি, কাউকে ওটিপিও শেয়ার করেননি। তা সত্ত্বেও তিন দফায় তাঁর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় ২ লক্ষ টাকা। ঘটনাটি দুর্গাপুরের ৩/১৬, জয়দেব অ্যাভিনিউ এলাকার বাসিন্দা জয় পাল রাম পালের সাথে হয়।
অভিযোগ, দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন স্টেশন বাজার এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় থাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১ লক্ষ ৯৪ হাজার ২৫৪ টাকা তুলে নেওয়া হয়েছে।জয় পাল রাম জানান, প্রথম দফায় ২৬ হাজার ৯৯৮ টাকা, দ্বিতীয় দফায় ৬৯ হাজার ৯৯৮ টাকা এবং তৃতীয় দফায় ৯৭ হাজার ২৫৮ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি আরও ৯৭ হাজার ৮৫৬ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হলেও সেই লেনদেনটি ব্যর্থ হয় বলে অভিযোগ।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোনও লিঙ্কে ক্লিক না করা কিংবা কাউকে ওটিপি না দেওয়া সত্ত্বেও কীভাবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা গায়েব হয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পিছনে কারা রয়েছে, কীভাবেই বা প্রতারণার ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।ঘটনার পর ইতিমধ্যেই দুর্গাপুর থানার পাশাপাশি দুর্গাপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জয় পাল রাম। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে।