দুর্গাপুর: মেসির পায়ে বিশ্বকাপের স্বপ্ন, আর সেই স্বপ্নই যেন মিষ্টির রূপ পেল দুর্গাপুরে।সেমিফাইনালের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় নিজের প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে নজির গড়লেন দুর্গাপুরের মিষ্টি ব্যবসায়ী। খোয়া, মিষ্টির নানা উপকরণ ও রঙের নিপুণ ব্যবহারে তিনি গড়ে তুলেছেন লিওনেল মেসির জীবন্ত প্রতিকৃতি। মুহূর্তের মধ্যেই সেই মিষ্টির মেসি হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ।দুর্গাপুরের মামড়া বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশীষ ঘোষ ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের অন্ধভক্ত।

বিজ্ঞাপন

 

আর লিওনেল মেসি তাঁর কাছে শুধুই একজন ফুটবলার নন, তিনি আবেগ, ভালোবাসা আর এক অসমাপ্ত স্বপ্নের নাম। সেই স্বপ্ন পূরণের আশায় বিশ্বকাপের সেমিফাইনালের আগেই তিনি মিষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানালেন তাঁর প্রিয় তারকাকে। দেড় কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তৈরি হয়েছে এই অনন্য শিল্পকর্ম। মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল থেকে শুরু করে জার্সির রঙ প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে নিখুঁত কারুকার্য। একঝলক দেখলে মনে হবে, যেন মিষ্টির শরীরে প্রাণ পেয়েছেন ফুটবল সম্রাট। খবর ছড়িয়ে পড়তেই মামড়া বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, আবার কেউ উচ্ছ্বাসে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন,মেসি মেসি। দেবাশীষ ঘোষ বলেন, "বর্ষার জন্য বড় করে বানানো সম্ভব হয়নি। তাই ছোট আকারেই মেসিকে তৈরি করেছি। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করেছি। তবে আমাদের একটাই আশা এবার মেসি যেন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েন। ওর হাতে বিশ্বকাপ উঠুক, এটাই আমাদের প্রার্থনা।"