দুর্গাপুর,2 জুলাই

: কুয়োর জলে ভাসছিল এক ব্যক্তির দেহ! বৃহস্পতিবার সাত সকালে সেই দৃশ্য চোখে পড়ে এলাকার মানুষের। মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকাজুড়ে। তারপরেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। কীভাবে মৃত্যু, কীভাবেই বা দেহটি কুয়োতে এল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনসোল এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা কুয়োর জলে একটি দেহ ভাসতে দেখে প্রথমে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

 স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। ফলে তিনি কোথা থেকে সেখানে এলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা কালীচরণ মাজি বলেন, "সকালে কুয়োর মধ্যে দেহ ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। উনি কোথা থেকে এসেছেন বা কীভাবে মৃত্যু হয়েছে, কিছুই বুঝতে পারছি না। যতদূর জানি, উনি আমাদের এলাকার কেউ নন। পুলিশ তদন্ত করছে।""পুলিশ সূত্রে জানা গেছে যে প্রথমেই তারা মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের রিপোর্টের দিকে আপাতত বাকি আছে পুলিশ। তারপরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলেও সংবাদ মাধ্যমের কর্মীদের জানানো হয়।