দুর্গাপুর: গর্ভবতী গাভীকে হত্যার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য দুর্গাপুরে। শুধু গাভী হত্যা নয়, তার গর্ভে থাকা মৃত শাবককে পাশের গ্রামের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানার পুলিশ। আর অভিযুক্তদের আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের চেষ্টা করলেন বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলী।

ঘটনাটি লাউদোহা-ফরিদপুর থানা এলাকার অণ্ডাল বিমাননগরী সংলগ্ন আরতি গ্রামের। ধৃতদের নাম শেখ আলামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন এবং শেখ লতিব। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাংসের জন্য একটি গর্ভবতী গাভীকে হত্যা করার অভিযোগ উঠেছে ওই চারজনের বিরুদ্ধে। এরপর গাভীটির গর্ভে থাকা মৃত শাবককে পাশের যমুনা গ্রামের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। তদন্তে নেমে চার অভিযুক্তকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের হেফাজতের আবেদনের ভিত্তিতে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালত থেকে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময়ই অভিনব প্রতিবাদে সামিল হন বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলী। অভিযুক্তদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের চেষ্টা করেন তিনি। উল্লেখ্য, গরু চুরি ও গো-হত্যার অভিযোগকে কেন্দ্র করে এর আগেও দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার ঠিক আগের দিনই গরু চুরির অভিযোগ তুলে একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল। পরপর এই ঘটনায় গোটা এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

বিজ্ঞাপন