স্টাফ রিপোর্টার, বালুরঘাট: রাজ্যজুড়ে মাদক কারবারের বিরুদ্ধে জোরদার অভিযানের মুখে বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট ৩ লক্ষ ৬৪ হাজার ২০০ পিস নিষিদ্ধ তাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট বাজেয়াপ্ত করল বালুরঘাট থানার পুলিশ। কালোবাজারে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকারও বেশি। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ আগস্ট বালুরঘাট থানার 'ট্যাঙ্ক মোড়' এলাকায় অভিযান চালিয়ে সোহেল মন্ডল (৩৭) নামে পতিরাম থানা এলাকার এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ২২,৮০০ পিস তাপেন্টাডল ট্যাবলেট, যার কোনো বৈধ নথিপত্র সে দেখাতে পারেনি। ধৃতকে জিজ্ঞাসাপাদ করে পুলিশ জানতে পারে, মালদার শরিফ খান (৩৭) নামে এক ব্যক্তির কাছ থেকে এই ট্যাবলেটগুলি সে পেয়েছিল। উদ্দেশ্য ছিল স্থানীয় এলাকার যুবকদের কাছে বেআইনিভাবে তা বিক্রি করা এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা। ঘটনার পর বালুরঘাট থানায় নির্দিষ্ট ধারায় মামলা (কেস নং- ৬৩৮/২৬) রুজু করে তদন্ত শুরু হয়।
ধৃত সোহেলকে জিজ্ঞাসাবাদ করে মিল পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর পুলিশ মালদায় অভিযান চালিয়ে শরিফ খানকে গ্রেফতার করে। সে সময় তার কাছ থেকে আরও ৯৭,৫০০ পিস তাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। অভিযুক্ত শরিফকে বালুরঘাট আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এরপর ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বালুরঘাট থানার পুলিশ তার বিভিন্ন গুদাম ও ডেরায় ফের তল্লাশি চালায়। সেই তল্লাশিতে আরও ২,৪৩,৯০০ পিস তাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক মাদক পাচার চক্রটিকে মূল থেকে উপড়ে ফেলতে তদন্ত জারি রয়েছে। এই চক্রের পেছনে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।