দুর্গাপুর:পোলিও মুক্ত ভারত গড়ার ডাক দেওয়া হয়েছে বিগত প্রায় এক দশক আগে থেকেই। রাজ্যে সরকারের বদল হয়েছে।আজ থেকে ফের শুরু হল রাজ্যজুড়ে পালস পোলিও খাওয়ানো। শিশুদের পালস পোলিও খাওয়ালেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। রবিবার রাজ্যজুড়ে পালস পোলিও দেওয়া হচ্ছে শিশুদের। দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা সু-স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকেই শিশুদের পালস পোলিও খাওয়ানো হচ্ছিল। সেই সু-স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। সেখানে গিয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এবং শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারপরেই একাধিক শিশুকে তিনিও খাইয়ে দেন পালস পোলিও ।

বিজ্ঞাপন

 স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে প্রথমে চলতে থাকা পালস পোলিও কর্মসূচির খোঁজখবর নেন বিধায়ক। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের প্রশংসা করেন। পরে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় একাধিক শিশুকে নিজ হাতে পালস পোলিও খাওয়ান তিনি। বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "চিকিৎসকরা কর্তব্য পালন করছেন। আর বর্তমান রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। যেখানে কোনও সমস্যা হচ্ছে, সমাধান করা হচ্ছে। আমিও সেই জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাতে এসেছিলাম। এখানে বেশ কয়েকজনকে পালস পোলিও খাইয়ে দিলাম।"পোলিও মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সরকারিভাবে আজ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ক্যাম্পে নবজাতকদের নিয়ে অভিভাবকদের ভিড় দেখা যায়। এই জনসচেতনতাই প্রমাণ করে আজ সবাই প্রতিজ্ঞাবদ্ধ আগামী প্রজন্মকে সুস্থতা উপহার দেওয়ার জন্য।।