বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর:
পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় ফের এক অনন্য নজির গড়ল দুর্গাপুরের ‘দ্য মিশন হাসপাতাল’। এক ৭২ বছর বয়সী প্রবীণ রোগীর শরীর থেকে অত্যন্ত নিখুঁতভাবে বিরল ও জটিল কিডনির টিউমার বাদ দেওয়া হলো আধুনিক রোবোটিক প্রযুক্তির মাধ্যমে। 'রোবোটিক র্যাডিক্যাল নেফ্রেক্টোমি' (Robotic Radical Nephrectomy) নামের এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন বিশিষ্ট রোবোটিক সার্জিক্যাল অনকোলজিস্ট ডঃ অর্ণব চক্রবর্তী ও তাঁর চিকিৎসক দল।
চিকিৎসা পরিভাষায় রোগীর শরীরে একটি অত্যন্ত বিরল শারীরিক গঠনগত জটিলতা ছিল—যাকে বলা হয় 'রেট্রোঅরটিক লেফট রেনাল ভেইন' (Retroaortic Left Renal Vein)। এই ধরনের ক্ষেত্রে প্রথাগত অস্ত্রোপচারে প্রচুর রক্তপাত এবং পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। তবে আধুনিক রোবোটিক প্রযুক্তির ত্রিমাত্রিক দৃশ্যমানতা (3D Vision) এবং অত্যন্ত সূক্ষ্ম চলাচলের ক্ষমতার ওপর ভর করে ন্যূনতম কাটাছেঁড়ার (Minimally Invasive) মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি পুরোপুরি সফল হয়।
অস্ত্রোপচারের পর রক্তপাত ছিল নগণ্য এবং প্রবীণ হওয়া সত্ত্বেও রোগীর সুস্থতার গতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর মাত্র ৩ দিনের মধ্যেই সম্পূর্ণ যন্ত্রণামুক্ত অবস্থায় রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, জটিল ক্যানসার ও ইউরোলজিক্যাল অস্ত্রোপচারের জন্য এতদিন এই অঞ্চলের মানুষদের বড় শহর বা ভিন রাজ্যে ছুটতে হতো। কিন্তু মিশন হাসপাতালে এখন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এই উন্নত রোবোটিক পরিষেবা প্রদান করা হচ্ছে, যা সমগ্র পূর্ব ভারতের রোগীদের জন্য এক আশার আলো। এই সাফল্য প্রমাণ করে যে, বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ পরিষেবা এখন দুর্গাপুরেই হাতের নাগালে।