দুর্গাপুর: চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য সাফল্য অর্জন করল দুর্গাপুরের ‘দ্য মিশন হাসপাতাল’। মারাত্মক জটিলতায় ভরা এক অগ্ন্যাশয়ের ক্যানসার (Pancreatic Cancer) আক্রান্ত ৬৪ বছর বয়সী এক বৃদ্ধার সফল ‘হুইপলস সার্জারি’ (Whipple’s Surgery বা Pancreaticoduodenectomy) সম্পন্ন হল এখানে। বিশিষ্ট রোবোটিক অনকো সার্জন ড. অর্ণব চক্রবর্তীর নেতৃত্বে চিকিৎসকদের দল দীর্ঘ ৭ থেকে ৮ ঘণ্টার এই অতি-সংবেদনশীল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন।
হাসপাতাল সূত্রে খবর, রোগীর শরীরের ডান ও বাঁ দিকের লিভার বা যকৃতের ধমনিগুলির (Right and Left Hepatic Arteries) রক্ত চলাচলের পথ স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্ন ও জটিল ছিল। ফলে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সার্জারি পরিকল্পনা করতে হয় চিকিৎসকদের। অস্ত্রোপচারের সময় সামান্য ভুলভ্রান্তি বড় বিপদ ডেকে আনতে পারত, কিন্তু চিকিৎসকদের দক্ষতা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তা অত্যন্ত নির্ভুলভাবে শেষ হয়।
তবে চ্যালেঞ্জ শুধু অস্ত্রোপচারেই সীমাবদ্ধ ছিল না। অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর রক্তে পটাশিয়ামের মাত্রা হঠাৎ আশঙ্কাজনকভাবে কমে যায় (Hypokalemia), যার ফলে তিনি সাময়িকভাবে চতুর্ঙ্গপক্ষাঘাত বা কোয়াড্রিপ্লেজিয়ায় (Quadriplegia) আক্রান্ত হন। সেই সংকটময় মুহূর্তে আইসিইউ (ICU) বিভাগের প্রধান ড. মানস বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণ এবং দ্রুত সঠিক চিকিৎসার দৌলতে এই জীবনঘাতী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়।
অনকো সার্জারি, অ্যানাস্থেসিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের যৌথ প্রচেষ্টা ও সমন্বয়ে রোগী দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যান। অস্ত্রোপচারের মাত্র সাত দিন পরেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
এই সাফল্য প্রসঙ্গে দ্য মিশন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, উন্নত চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ চিকিৎসক দল এবং নিবিড় ক্রিটিক্যাল কেয়ারের সঠিক মেলবন্ধন থাকলে যে কোনো জটিল রোগকেও পরাস্ত করা সম্ভব। দুর্গাপুরের এই ঘটনা ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন আশা ও বিশ্বাসের বার্তা দিচ্ছে।