দুর্গাপুর,২৬ অক্টোবর : সংসারের হাল ধরতে ভিনরাজ্যে গিয়ে কাজ করছিলেন। কিন্তু সেই কাজ করতে গিয়েই রহস্যজনকভাবে মৃত্যু দুর্গাপুরের এক যুবকের। শনিবার মুম্বই পুলিশের ফোনে যুবকের মৃত্যুর খবর পেতেই শোরগোল পড়ে যায় কাঁকসার বিরুডিহা এলাকায়। মৃত যুবকের নাম বিশ্ব দে (২০)। তবে এই মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, বিশ্বকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই অভিযোগকে ঘিরেই দানা বেঁধেছে রহস্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে মুম্বইয়ের বরালি এলাকায় ঠিকা শ্রমিকের কাজে গিয়েছিলেন বিশ্ব। শনিবার আচমকাই মুম্বই পুলিশের ফোন আসে পরিবারের কাছে। জানানো হয়, বিশ্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মাত্র ২০ বছরের যুবকের এমন মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা। কীভাবে মৃত্যু হল তাঁর? ঠিক কী ঘটেছিল মুম্বইয়ে? সেই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে পরিবারকে।অন্যদিকে, বিশ্বর দেহের ছবি দেখেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, ছবিতে যে পরিস্থিতি দেখা গিয়েছে, তাতে আত্মহত্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বরং বিশ্বকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত যুবকের কাকা মদন দে বলেন, “আমরা ভাইপোর দেহের ছবি দেখেছি। কিন্তু ছবি দেখে আমাদের মনে হচ্ছে, ও আত্মহত্যা করেনি। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনকে মেল মারফত বিষয়টি জানিয়েছি। যে ঠিকাদার ওকে কাজে নিয়ে গিয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমরা চাই, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কীভাবে ভাইপোর মৃত্যু হল, তা সামনে আসুক।”
মুম্বইয়ে কাজ করতে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের যুবকের! আত্মহত্যা নয়, খুনের অভিযোগ পরিবারের...
নিউজহান্ট এডমিন
প্রধান সম্পাদক
সন্ধ্যা ৬:০৪
২০৯
২ মিনিট পড়ুন
শেয়ার:
ছবি: মুম্বইয়ে কাজ করতে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের যুবকের! আত্মহত্যা নয়, খুনের অভিযোগ পরিবারের... (প্রতীকী ছবি)