দুর্গাপুর: নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ- বিচ্ছিন্ন দুর্গাপুরের বামুনারার এক দম্পতি।
মানস সরোবর বেড়াতে গিয়ে নেপাল হয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বিপর্যয়ের পর থেকেই মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি প্রতিবেশীদের। দম্পতির খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে গোটা তপবন সিটি এলাকা।চলতি মাসের ২১ তারিখ একটি সংস্থার সঙ্গে মানস সরোবর ভ্রমণে বেরিয়েছিলেন বামুনারার তপবন সিটির বাসিন্দা মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁদের নেপাল হয়ে মানস সরোবর যাওয়ার পরিকল্পনা ছিল। ভ্রমণে বেরোনোর পর দু’দিন ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বেজে গেলেও সাড়া মেলেনি বলে দাবি স্থানীয় বাসিন্দার। এরপরই নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসতেই তাঁদের নিয়ে আশঙ্কা আরও বাড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দা গৌতম অধিকারী বলেন, “ওনারা নেপাল হয়ে মানস সরোবর বেড়াতে যাওয়ার কথা ছিল। এর আগেও দুদিন আমি ফোন করেছিলাম। ফোন বেজেছিল, কিন্তু উনি রিসিভ করতে পারেননি। কিন্তু নেপালের ভয়ংকর ঘটনার পর থেকে উনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা খুব চিন্তায় রয়েছি, উদ্বিগ্ন রয়েছি।
দুর্গাপুর থেকে ওই সংস্থার সঙ্গে মোট ছয়জন ভ্রমণে গিয়েছিলেন। মৌসুমী ও অরিন্দমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন রয়েছি।আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, উনারা যাতে সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরতে পারেন।”