দুর্গাপুর: শুক্রবার বিকেলে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ঠিকা শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাঁকসার পানাগড় এলাকায়। যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, স্থানীয় সূত্রে খবর, তিনি পানাগড় এলাকাতেই ঠিকা শ্রমিকের কাজ করতেন। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই শ্রমিক। সেই সময় পানাগড় রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। ঠিক তখনই কলকাতার দিক থেকে আসানসোলমুখী একটি দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা মারে। ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

বিজ্ঞাপন

 স্থানীয় বাসিন্দারা রেল পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তিনি অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।