দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল রিফাইন অয়েল বোঝাই ট্রাক। ব্যাহত যান চলাচল। দুর্গাপুরের কাঁকসায় ১৯ নম্বর জাতীয় সড়কে শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। কলকাতা থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেওয়া রিফাইন অয়েল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁকসার রাজবাঁধ এলাকায় জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

বিজ্ঞাপন

 ধাক্কার তীব্রতায় ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও খালাসি গাড়ির মধ্যেই আটকে পড়লেও স্থানীয় মানুষজন এবং পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু'জনেই অল্পবিস্তর আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিকল্প পথে যানবাহন নিয়ন্ত্রণ করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ক্রেনের সাহায্যে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।প্রাথমিকভাবে ওই ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে সকালবেলায় তার চোখে ঘুম জড়িয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে রাজবাঁধের মত জনবহুল এলাকায় খুব সকালে এই ঘটনা ঘটার কারণে বড়সড় বিপদ ঘটেনি। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত খনিজ তেলের টার্মিনাল ছাড়াও বেসরকারি কলেজ, মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে। সারাদিন ওই রাস্তার ওপর স্বাভাবিকভাবে বহু মানুষের যাতায়াত।