দুর্গাপুর: একটি চলন্ত টোটো থেকে আচমকাই হু হু করে বেরোচ্ছে ধোঁয়া। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের মামড়া বাজারের জগন্নাথ মন্দিরের সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্গাপুরে বি-ওয়ান মোড় থেকে ফল বোঝাই করে এমএমসি অভিমুখে যাচ্ছিল টোটোটি। চলন্ত অবস্থাতেই গাড়ির ব্যাটারি অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, যা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।পরিস্থিতি বুঝতে পেরে টোটোচালক দ্রুত গাড়িটি রাস্তার ধারে থামিয়ে নেমে পড়েন। ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের মানুষ ছুটে এসে সাহায্যের চেষ্টা করেন এবং নিরাপত্তার স্বার্থে গাড়ির কাছ থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। ।

বিজ্ঞাপন

এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, টোটোটি শর্ট সার্কিট বা ব্যাটারিতে প্রযুক্তিগত ত্রুটির জেরেই ধোঁয়া বেরোতে শুরু করে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।