অন্ডাল : দুর্গাপুজোর দশভুজা দুর্গা যেমন দশ হাতে সামলান নানা দায়িত্ব, তেমনই বাস্তবের মাটিতে সংসার, পরিবার, শরীরচর্চা আর খেলাধুলার জগৎ—সব দিক সামলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অন্ডালের দুবচুরুলিয়া গ্রামের দেবিকা গড়াই । বয়স ৩৬ । পাওয়ার লিফটিংয়ের মঞ্চে তাঁর সাফল্য যেমন নজর কেড়েছে, তেমনই তাঁর জীবনসংগ্রাম আজ অনেকের কাছে অনুপ্রেরণা । তাই তিনি যেন বাস্তবের এক ‘অন্য দুর্গা’ ।
স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার দেবিকার । পাশাপাশি বাপের বাড়িতে বাবা মায়ের দেখভাল ও সংসারের দায়িত্বও সামলাতে হয় তাঁকেই । দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর পর থেকে বাপের বাড়িতেই থাকেন দেবিকা । একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্নপূরণের লড়াই—দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই এগিয়ে চলেছেন তিনি ।
দেবিকার পাওয়ার লিফটিংয়ের জগতে আসার গল্পটাও বেশ অন্য রকম । বিয়ের পর ছেলের জন্মের পরে তাঁর শরীরের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় । চিকিৎসকের পরামর্শে জিমে যাওয়া শুরু করেন তিনি । শরীরের ওজন কমানোর পাশাপাশি ধীরে ধীরে শরীরচর্চার প্রতি আগ্রহ বেড়ে যায় । তখনই জিমের প্রশিক্ষক তাঁকে পাওয়ার লিফটিং অনুশীলনের পরামর্শ দেন । সেই পরামর্শ মেনেই শুরু হয় নতুন পথচলা । এরপর জেলা, রাজ্য ও সর্বভারতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন দেবিকা । বর্তমানে নিজের একটি জিম সেন্টারও রয়েছে তাঁর । সেখানে বহু ছেলে-মেয়ে শরীরচর্চার প্রশিক্ষণ নেয় । নিজের অনুশীলন ও প্রতিযোগিতার প্রস্তুতির পাশাপাশি অন্যদেরও সুস্থ থাকার পথ দেখাচ্ছেন তিনি । আগামী ডিসেম্বর মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সেখানে সাফল্য অর্জন করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য । সেখানে অংশ নেবে বিশ্বের অন্যান্য ৩০ টি দেশের প্রতিযোগীরা ।
দেবিকা মনে করেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি মহিলাদের নিজেদের জন্যও সময় বের করা জরুরি । তাঁর কথায়, “প্রত্যেক মেয়েরই উচিত নিজের পরিচিতি গড়ে তোলা, শরীর সুস্থ রাখা এবং নিজেকে সময় দেওয়া ।” পরিবারের প্রতি দায়িত্ব, নিজের পেশা, শরীরচর্চা ও খেলাধুলা—সব কিছু সামলে দেবিকার এই লড়াই শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার বার্তা । পুজোর আবহে তাই দেবিকা গড়াই যেন এক অন্য দুর্গা—যাঁর শক্তি দশ হাতে নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর নিজের পরিচিতি গড়ে তোলার লড়াইয়ে ।