বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম—এই দুই বিধানসভা এলাকার ক্রীড়ামোদী ও তরুণদের জন্য বড় সুখবর। এলাকা দুটিতে দুটি নতুন মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের অধীনে এই স্টেডিয়ামগুলি নির্মিত হবে। এই উদ্দেশ্যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-এর অধীনস্থ জমি যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের অনুকূলে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দিয়ে জমি হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

যেখানে গড়ে উঠবে প্রস্তাবিত ইনডোর স্টেডিয়াম দুটি:

পরিকল্পিত স্টেডিয়াম দুটির সম্ভাব্য স্থান চূড়ান্ত করতে ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), BL&LRO দুর্গাপুর-ফরিদপুর এবং DYO দুর্গাপুর-ফরিদপুর-এর সমন্বয়ে গঠিত একটি বিশেষ যৌথ তদন্তকারী দল পরিদর্শন চালিয়েছিল। প্রতিনিধি দলের রিপোর্ট অনুযায়ী দুটি স্থানকেই উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে:

দুর্গাপুর পশ্চিম (২৭৭ নং বিধানসভা কেন্দ্র): গোপীনাথপুর মৌজার ৮৫ নম্বর জে.এল-এ অবস্থিত ABS একাডেমি অব সাইন্স, টেকনোলজি অ্যান্ড টেক্সটাইলের পাশের জমিটি (LR Plot No. -6410) নির্বাচন করা হয়েছে।

দুর্গাপুর পূর্ব (২৭৬ নং বিধানসভা কেন্দ্র): মাকড়াশী মৌজার ২০৮ নম্বর জে.এল-এ থাকা MAMC খেলার মাঠ এলাকাটি (LR Plot No. 353 & 358) প্রস্তাবিত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চিহ্নিত দুটি জমিই বর্তমানে ADDA-র অধীনে রয়েছে। সব নিয়মকানুন ও প্রক্রিয়া মেনে এই জমিগুলি দ্রুত যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের অধীনে হস্তান্তরিত হলে স্টেডিয়াম নির্মাণের মূল কাজ দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয় বিধায়ক ও ব্লক প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।