দুর্গাপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার রাস্তায় নামলেন কয়েকশো মহিলা। সমস্ত নথিপত্র ঠিক থাকার পরেও কেন তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। বিক্ষোভকারীরা শুধু দপ্তরের সামনে বিক্ষোভে থেমে থাকেননি, সামনের রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করে দেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র তাঁরা জমা দিয়েছেন। নথিতে কোনও সমস্যা নেই বলেও তাঁদের দাবি। এরপরেও দীর্ঘদিন ধরে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। বিষয়টি জানাতে একাধিকবার মহকুমা শাসক দপ্তরে এসে আবেদন-নিবেদন করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
বিক্ষোভে সামিল মহিলাদের মধ্যে কেউ দিনমজুরির কাজ করেন, কেউ গৃহবধূ। অনেকেরই দাবি, অত্যন্ত কষ্টের মধ্যে সংসার চালাতে হচ্ছে তাঁদের। সরকারি প্রকল্পের এই আর্থিক সহায়তা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সমস্ত নিয়ম মেনে আবেদন করার পরেও টাকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা।
অন্নপূর্ণা যোজনার টাকা কেন আটকে রয়েছে, কার গাফিলতিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে না এই প্রশ্ন তুলে সরব হন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, বারবার দপ্তরে এসে সমস্যার কথা জানানো হলেও কার্যত তাঁদের অভিযোগের কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই এবার রাস্তা অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে। বিক্ষোভকারী কেয়া কুম্ভকার বলেন, “সমস্ত নথি ঠিক রয়েছে। আমরা একাধিকবার মহকুমা শাসক দপ্তরে এসে জানিয়েছি। কিন্তু আমাদের অন্নপূর্ণার টাকা ঢুকল না। কেন ঢুকল না, সেই প্রশ্নের উত্তর চাই। দ্রুত আমাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”