হালাল না ঝটকা! মাংসের দোকানের সামনে স্পষ্ট করে উল্লেখ করতে হবে কোন ধরনের মাংস বিক্রি হচ্ছে। এই দাবিকে সামনে রেখেই এবার পথে নামল বিজেপিপন্থী হিন্দু জাগরণ মঞ্চ। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারে একাধিক খাসি ও মুরগির মাংসের দোকানে পৌঁছে সংগঠনের সদস্যরা দোকানদারদের হালাল না ঝটকা সেই বোর্ড টাঙানোর আবেদন করেন। পাশাপাশি দোকানের সামনে সেই বোর্ড টাঙানোর আবেদনও জানান তারা। হিন্দু জাগরণ মঞ্চের দাবি, ক্রেতাদের জানার অধিকার রয়েছে তারা কোন ধরনের মাংস কিনছেন।

বিজ্ঞাপন

দোকানের সামনে বোর্ড থাকলে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কোথায় হালাল এবং কোথায় ঝটকা মাংস বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন। সংগঠনের পক্ষ থেকে দ্বীপ দাস বলেন, "আমাদের একটাই উদ্দেশ্য, দোকানের সামনে এই বোর্ড টাঙানো থাকলে সাধারণ মানুষ সহজেই দোকান চিনতে পারবেন। এরপর যে যেখান থেকে খুশি স্বাধীনভাবে মাংস কিনতে পারবেন। সেই কারণেই আমরা দোকানদারদের কাছে এই বোর্ড টাঙানোর আবেদন জানাচ্ছি।"