দুর্গাপুর: অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হল ভারতীয় মজদুর সংঘ। প্রশাসনিক ভবনের মূল গেট অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের অভিযোগ, তৃণমূল আমলের শ্রমিক-বিরোধী নীতি এখনও বহাল রয়েছে। এখনও শ্রমিকদের যখন-তখন বদলি করা হচ্ছে, স্থায়ীভাবে কাজের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এবং দীর্ঘদিন ধরেই একাধিক ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন অস্থায়ী কর্মীরা।বিএমএসের দাবি, ডিপিএল হাসপাতালের ইনডোর বিভাগ পুনরায় চালু করতে হবে।

বিজ্ঞাপন

 

দূর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে বিএমএস

পাশাপাশি, অস্থায়ী শ্রমিকদের সরকারি নির্ধারিত হারে বেতন প্রদান, কর্মসংস্থানের নিরাপত্তা এবং অন্যান্য দীর্ঘদিনের বকেয়া দাবিও দ্রুত মেনে নিতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন বিএমএসের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্যোগী হতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।বিক্ষোভ শেষে ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবিপত্র-সহ একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।

তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণে কর্তৃপক্ষ যদি এখনও উদাসীন থাকে, তবে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। বিজেপি নেতাও অসীম প্রামাণিক দাবি করেন,"তৃণমূল আমলে পাল্লা দিয়ে বেড়েছিল দুর্নীতি। সেই রকমই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেও তৃণমূলের আধিপত্য ছিল। এখনো তৃণমূলের হয়েই অনেক আধিকারিক কাজ করছে। তৃণমূলের কালচার আর চলবে না। শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করতে হবে এবং এলাকার মানুষের স্বার্থে কাজ করতে হবে।"