দুর্গাপুরের মহুয়া বাগান এলাকায় রবিবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টোটোচালক আজাদ হোসেন। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক দুপুর পরিণত হয় বিভীষিকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইকিউ সিটি হাসপাতালের ভেতর থেকে একজন যাত্রীকে নিয়ে টোটোটি বের হচ্ছিল। সেই সময় মহুয়া বাগানের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোতে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে টোটোটি দুমড়ে-মুচড়ে কার্যত দু'টুকরো হয়ে যায়।

 

দুর্ঘটনায় টোটোচালক আজাদ হোসেন গুরুতর জখম হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

মৃত আজাদ হোসেন দুর্গাপুরের বিটু বাজার এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় টোটোতে থাকা এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাম্বুলেন্সটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, অতিরিক্ত গতি ছিল কি না, নাকি অন্য কোনও কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।