দুর্গাপুর, ১১ জুলাই: দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ২ নম্বর ব্লাস্ট ফার্নেস এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত শ্রমিকের নাম শেখ শহিদুল(২৬ বছর)।সেখ শাহিদুল ফরিদপুর থানা এলাকার আরতি গ্রামের বাসিন্দা ছিলেন ।
বিজ্ঞাপন
এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভে সামিল হন সহকর্মী শ্রমিকরা। বিক্ষোভকারীদের দাবি, মৃত শ্রমিকের পরিবারের একজন সদস্যকে অবিলম্বে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও তোলেন তারা।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য প্ল্যান্টের প্রধান গেটের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সহকর্মী শ্রমিক মনোজ রুইদাস জানান, "আমরা দু'জনে একসঙ্গে কাজ করছিলাম। আমি কিছুক্ষণ বাইরে বিশ্রাম নিতে যাই। ফিরে এসে দেখি শহিদুলকে আর খুঁজে পাচ্ছি না। পরে জানতে পারি, তিনি ল্যাডলের (Ladle) মধ্যে পড়ে মারা গিয়েছেন। ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা আমি দেখিনি। তবে মনে হচ্ছে, কোনও রড ভেঙে তিনি নিচে পড়ে যান।"
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্ল্যান্ট কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। তবে এই ঘটনার বিষয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।