দুর্গাপুর: অজয় নদের বালি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাঁকসার বিদবিহার এলাকার বাসিন্দা অজয় হাড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই অজয় নদের বিভিন্ন ঘাট থেকে বালি তোলার কাজের সঙ্গে যুক্ত ছিলেন অজয় হাড়ি। অভিযোগ, বিদবিহার, বনকাটি-সহ একাধিক এলাকা থেকে ট্রাক্টর ও ডাম্পারে করে বালি বিভিন্ন জায়গায় পাঠানো হতো। এছাড়াও বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত রাখার অভিযোগও রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ধরে এই কারবার চললেও কেন কড়া ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন এই ব্যবসা চলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অজয় হাড়ির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন