দুর্গাপুর: সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম মোঃ আশরাফ। তিনি দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মোঃ আশরাফ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। অভিযোগ, সেই পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি শান্তি কুঞ্জ এলাকায় তাঁর উপস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।ওই পোস্টটি এলাকার বিজেপি কর্মীদের নজরে আসে। এরপর বিষয়টি নিয়ে তারা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পর মোঃ আশরাফকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানায়। শুনানি শেষে আদালত মোঃ আশরাফকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ।বিজেপির পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, ""এটা তৃণমূল কংগ্রেসের খালা,ফুঁফাদের সরকার নেই। এটা রাষ্ট্রবাদীদের সরকার। শুভেন্দু দা কে নিয়ে যে মন্তব্য করেছে তাতে পুলিশ থেরাপি শুরু করেছে। এরপরেও যদি না শোধরায় তাহলে পুলিশ লং থেরাপি দেবে। ""

বিজ্ঞাপন