মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর রাজ্যজুড়ে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের মেগা অভিযান। আর সেই অভিযানের জেরেই এবার দুর্গাপুর-ফরিদপুর থানার ইছাপুর মুসলিমপাড়ায় এক অবৈধ জুয়ার আসরে হানা দিল পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হলো ১০ জনকে! এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিল্পাঞ্চলে।

বিজ্ঞাপন

 স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইছাপুর মুসলিমপাড়ায় প্রকাশ্যেই বসছিল এই জুয়ার আসর। বাইরের বিভিন্ন এলাকা থেকেও বহু সমাজবিরোধী এসে ভিড় জমাচ্ছিল সেখানে। ফলে এলাকায় বাড়ছিল অসামাজিক কার্যকলাপ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়েই অতর্কিতে হানা দেয় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পুলিশি তৎপরতায় খাঁচায় বন্দি হয় শেখ মুস্তাক, শেখ করিম, পবন সাহানি ও বিক্রম মণ্ডলসহ মোট ১০ জন জুয়াড়ি।

 সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল স্পষ্ট জানান—

 "এতদিন তৃণমূলের মদতেই এই সমস্ত অবৈধ জুয়া আর মদের আসর চলতো। রাজ্যে বিজেপি সরকার গঠন করতেই পুলিশ তৎপর হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না।"

 এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারি আরও বাড়িয়েছে পুলিশ।