পান্ডবেশ্বর,৭ জুলাই:- ""বালি চাই, বালি চাই, ন্যায্য মূল্যে বালি চায় ""-এমনই দাবিতে বিক্ষোভে সামিল হল পাণ্ডবেশ্বর এর কয়েকশো রাজমিস্ত্রি এবং মজদুরেরা। বালির অভাবে বন্ধ নির্মানকার্য্য, আর তার জেরেই চরম বিপাকে পাণ্ডবেশ্বর ব্লকের কয়েকহাজার রাজমিস্ত্রী ও মজদুরেরা।

রাজ্যে সরকার বদলের সাথে সাথেই পাণ্ডবেশ্বর এর বেআইনি বালিরঘাট গুলি থেকে অবৈজ্ঞানিক এবং অবৈধ উপায়ে বলিউ উত্তোলনের কাজ বন্ধ হয়ে গেছে। আর সেই সুযোগেই যারা বৈধ বালির কারবারি তারা এক লাফে বালির দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। তার জেরেই দুর্গাপুর মহকুমার সমস্ত ব্লক গুলিতে স্তব্ধ হয়ে গেছে নির্মাণ কার্য। রাজমিস্ত্রি থেকে সাধারণ মজদুররা কার্যত বেকার হয়ে পড়েছেন। মঙ্গলবার পাণ্ডবেশ্বরের প্রায় কয়েকশো রাজমিস্ত্রি,মজদুরেরা পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভে সামিল হয়।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ ন্যায্য মূল্যে বালি না পাওয়ার কারণে তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। যার কারণে কয়েক মাস ধরে তারা কর্মহীন অবস্থায় বাড়িতেই বসে রয়েছে।। এমনকি বহু রাজমিস্ত্রি ও লেবাররা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে।

 

এ বিষয়ে সাধন রুইদাস সহ অন্যান্য বিক্ষোভকারীরা বলেন ""দীর্ঘ কয়েক মাস হয়ে গেল বালির সমস্যার কারণে আমাদের কাজের সমস্যা হচ্ছে। কাজ না থাকার কারণে তাদের কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে। কাজ না থাকার কারণে বহু শ্রমিকেরা জেলা ও রাজ্যের বাইরে অন্যান্য জায়গায় কাজে চলে যাচ্ছে। তাই প্রশাসনের কাছে দাবি অবিলম্বে ন্যায্য মূল্যে বালি দেওয়ার ব্যবস্থা করতে হবে।"" 

পাশাপাশি এই বিষয়ে পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক গোপাল সরকার বলেন, ""যারা আজ বালির দাবি নিয়ে এসেছিলেন তাদের সাথে মৌখিকভাবে আলোচনা হয়েছে।তাদের দাবী হচ্ছে অনেকদিন ধরে তারা বালি পাচ্ছে না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানাবো।""উল্লেখ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পরে বালির যোগানের সমস্যা সমাধানের কথা বলে যাওয়ার পরেও এই সমস্যা আজও মেটেনি। স্বাভাবিকভাবেই দিন প্রতিদিন বালির সমস্যার হতে হচ্ছে নির্মাণ কার্য করাচ্ছেন যারা এবং তার সাথে যুক্ত রাজমিস্ত্রি ও মজদুরদের। তাই অবিলম্বে সরকারের এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।