বিজ্ঞাপন

দুর্গাপুর: ভক্তি, আচার এবং উৎসবের আবহে সোমবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে দুর্গাপুর ইসকন মন্দির। জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সকাল ১০টা ৩০ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দুধ দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মহাস্নান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পঞ্চামৃত ও পবিত্র জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে। পুরো অনুষ্ঠান জুড়ে ভক্তরা হরিনাম সংকীর্তনে অংশ নেন এবং ভগবানের দর্শন লাভ করেন।

ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, স্নানযাত্রা রথযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব। এই বিশেষ তিথিকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে মন্দিরের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা করা হয়। ধর্মীয় আবহ, কীর্তন ও ভক্তদের উচ্ছ্বাসে এদিন উৎসবের রূপ নেয় দুর্গাপুর ইসকন মন্দির।