অন্ডাল:- বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাষ নগর এলাকায় হঠাৎই তৎপরতা বাড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ইডির একটি দল ওই এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
জানা গিয়েছে, রাম মল্লিকের বাবা দিলীপ মল্লিক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর প্রাক্তন কর্মী। সূত্রের খবর, অভিযানের সময় বাড়িতে থাকা বিভিন্ন আর্থিক নথি, সম্পত্তি-সংক্রান্ত কাগজপত্র এবং ব্যাংক লেনদেনের নথি খুঁটিয়ে পরীক্ষা করেন ইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে বেশ কিছু নথি ও রেকর্ডও তাঁরা নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানা গেছে।
তবে এই তল্লাশি অভিযানের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। যদিও স্থানীয় মহলে জোর জল্পনা, সম্ভাব্য কোনও আর্থিক অনিয়মের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে।
ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সুভাষ নগর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ইডির তল্লাশি অভিযান চলছিল। তদন্তকারী সংস্থার আধিকারিকরা এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি।