দুর্গাপুর: দু'দিনের জন্য ছেলের কাছে কলকাতায় গিয়েছিলেন সপরিবারে। আর সেই সুযোগেই বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। বাড়ির দরজার তালা ভেঙে আলমারি তছনছ করে নগদ টাকা ও প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ি ফিরে এই দৃশ্য দেখে মাথায় হাত পরিবারের সদস্যদের। 

বিজ্ঞাপন

ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, দুর্গাপুরের কাঁকসা থানার শেরপুর এলাকার বাসিন্দা রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ স্ত্রীকে নিয়ে দু'দিনের জন্য কলকাতায় ছেলের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে আসবাবপত্র। আলমারির লকার ভেঙে নগদ টাকা এবং বিপুল পরিমাণ সোনার গয়না উধাও।

 সুবীর চন্দ্র ঘোষের দাবি, "দুষ্কৃতীরা প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে। এখন আমরা কি করবো খুঁজে পাচ্ছি না। দীর্ঘদিনের সঞ্চয় মুহূর্তের মধ্যে খোয়া যাওয়ায় আমরা চরণ বিপর্যস্ত।" ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, তারা আগে থেকেই বাড়ি ফাঁকা থাকার খবর জানত কি না, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।